আজ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হল জনকল্যাণ শিবির। ১৫, ১৬ এবং ১৭ তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় চলবে এই বিশেষ শিবির। শিবিরের সূচনা উপলক্ষে নন্দীগ্রামে পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “আজ সকালের হিসাব অনুযায়ী, ৭৯ লক্ষ মা-বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা পৌঁছে গিয়েছে।” তিনি বলেন, রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতেই এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজ্যের প্রতিটি জেলায় আয়োজিত এই জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের জন্য একাধিক সরকারি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সুরক্ষা প্রকল্প, রেশন সংক্রান্ত সহায়তা, কৃষি ও ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রকল্পের আবেদন গ্রহণ করা হচ্ছে শিবিরগুলিতে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।
নন্দীগ্রামে শিবির পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং পরিষেবার মান খতিয়ে দেখেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন তিনি। জনকল্যাণ শিবিরকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। আগামী তিন দিন ধরে লক্ষাধিক মানুষ এই শিবিরের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন বলে আশা প্রশাসনের।
