প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২০ ও ২১ জুন দুই দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। সফরের প্রথম দিন হুগলির তারকেশ্বরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেবেন এবং একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।
এই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN)-এর ২৩তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। দেশজুড়ে ৯.৪৪ কোটির বেশি কৃষক এর সুবিধা পাবেন। পাশাপাশি ফসল বিমা, অ্যাগ্রিস্ট্যাক, প্রাকৃতিক চাষ এবং গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত একাধিক নতুন প্রকল্পের সূচনা হবে।
কৃষির পাশাপাশি মৎস্য, পশুপালন, রেল ও গ্রামীণ সড়ক ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে আধুনিক মৎস্য বন্দর, মাছ বাজার, পশুপালন ল্যাবরেটরি, রেল প্রকল্প এবং নতুন গ্রামীণ সড়ক পরিকাঠামো।
সফরের দ্বিতীয় দিন ২১ জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে কলকাতা বন্দরে গিয়ে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেবেন, যা ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগকে আরও শক্তিশালী করবে।
